ইউরো বাছাইপর্বে নেই কোম্পানি

বেলজিয়ান কাপে খেলতে গিয়ে গেল সপ্তাহে ঊরুর ইনজুরিতে পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি। কোম্পানির ক্লাব অ্যান্ডারলিখট এই তথ্য নিশ্চিত করেছে। আর এ কারণেই বেলজিয়ামের হয়ে আগামী দুটি ইউরো ২০২০ বাছাইপর্বের ম্যাচে তিনি খেলতে পারছেন না। আগামী ১০ অক্টোবর ব্রাসেলসে সান মারিনো ও তিনদিন পর কাজাখাস্তানের বিপক্ষে ইউরো বাছাইপর্বের দুটি ম্যাচই মিস করতে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির সাবেক এই অধিনায়ক। জেঙ্কের বিপক্ষে গত ২৩ আগস্ট ইনজুরিতে আক্রান্ত হবার পর থেকে কোম্পানি বিশ্রামে ছিলেন। কিন্তু বুধবার দলে ফিরেই বিয়ারশটের বিপক্ষে ঐ একই জায়গায় আঘাত পেলে মাত্র ২৫ মিনিট পর মাঠত্যাগ করেন।  এ পর্যন্ত বাছাইপর্বে ছয়টি ম্যাচেই শতভাগ জয়ী হয়ে বেলজিয়াম ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ-আইর শীর্ষে অবস্থান করছে। সান মারিনোকে হারাতে পারলেই ইউরো ২০২০-এর চূড়ান্ত পর্বের টিকিট পাবে বেলজিয়াম।