সিইসিসহ ছয় জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আদালতের আদেশ অনুযায়ী ‘ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের’ নিবন্ধন ফিরিয়ে না দেওয়ায় প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ছয় জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। ২০০৮ সালের ১৬ নভেম্বর ‘ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন’কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন (ইসি)। ওই নিবন্ধন বাতিল করে গত ৪ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে কমিশন। ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন দলটির সভাপতি ড. কাজী ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ। রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিতের পাশাপাশি রুল জারি করে। রুলে নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। একইসঙ্গে নিবন্ধন পুনর্বহালের আদেশ দেয় আদালত। কিন্তু এ বিষয়ে কোন ব্যবস্থা না নেওয়ায় আদালত অবমাননার আবেদন করা হয় বলে জানান মনজিল মোরসেদ।