নির্বাচন নিয়ে ভয়ঙ্কর তত্পরতা চালাচ্ছেন জেলা প্রশাসকরা ----------------রিজভী

নির্বাচন নিয়ে জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসাররা ভয়ঙ্কর গোপন তত্পরতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রতিদিন জেলা প্রশাসকরা মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছেন। ভোট ডাকাতি প্রস্তুতির শলা-পরামর্শ করছেন। নির্বাচনে জাল-জোচ্চুরির সব প্রস্তুতি পাকা করছেন। বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, রবিবার সকল জেলার প্রশাসকরা স্ব-স্ব এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ডেকে বৈঠক করেন। বৈঠকে ক্ষমতাসীন দলের প্রার্থীদের বিজয়ী করতে চারটি বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, ১. ডিসিরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বলেছেন, সুষ্ঠু ভোট হলে বিএনপি বিজয়ী হবে। যেকোনো মূল্যে এই সরকারকে ক্ষমতায় আনতে হবে। কাজেই এদিক ওদিক করার মতলব থাকলে মাথা থেকে ঝেড়ে ফেলুন। ২. মাঠে কাজ করবে পুলিশ ও র্যাব। আপনাদের দায়িত্ব তাদের পর্যবেক্ষণ করা এবং সহযোগিতা প্রদান। ৩. প্রিজাইডিং অফিসারদের নিরাপদে কন্ট্রোল রুমে আসার ব্যবস্থা করবেন। ৪. প্রিজাইডিং অফিসারদের ব্ল্যাঙ্ক সিগনেচার নিয়ে রাখবেন। সেটা সময়মতো কাজে লাগানো হবে। নির্দেশনায় বলা হয়, গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে ভোটকেন্দ্রে নিয়োজিত পুলিশের সহযোগিতায় নৌকা প্রতীককে সিল মেরে ব্যালটবাক্স ভর্তি করে রাখতে হবে। সরকার দলীয় প্রার্থীদের বিজয়ী করতে লোক দেখানো নির্বাচন আয়োজনে ফন্দি-ফিকির করছে। মাস্টারপ্ল্যান অনুযায়ী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রহসনমূলক নির্বাচনী ছক তৈরি করে এগিয়ে চলছে। আওয়ামী লীগ নিশ্চিত ভরাডুবির আশঙ্কায় বেসামাল হয়ে পড়েছে। তারা বিএনপির বিরুদ্ধে অনর্গল মিথ্যাচার ও প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। মিডিয়া সন্ত্রাসে নেমেছে। প্রতিবেশী একটি দেশকে নিজেদের পক্ষে টানতে মরিয়া হয়ে উঠেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান পাকিস্তানি দূতাবাসে মির্জা ফখররুলের গোপন বৈঠক করেছেন বলে যে, দাবি করেছেন তা অপপ্রচার ও মিথ্যাচার বলে তিনি উল্লেখ করেন। রিজভী বলেন, ভারতের দৈনিক যুগশঙ্খে রবিবার উলফার কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়া ও সাধারণ সম্পাদক অনুপ চেটিয়ার একটি সাক্ষাত্কার প্রকাশ করে। সেখানে বিএনপি-জামায়াত আমলে উলফা নেতাদের আশ্রয় এবং সহযোগিতার যে অভিযোগ তারেক রহমানের বিরুদ্ধে ছিল তা কল্পনাপ্রসূত বলে উল্লেখ করেছেন পরেশ বড়ুয়া ও অনুপ চেটিয়া। রিজভী বলেন, বিটিভির মহাপরিচালক হারুন অর রশিদ, ডিরেক্টর অব নিউজ সুরথ কুমার সরকার, পরিচালক প্রশাসন সাখাওয়াত হোসেন, প্রোগ্রাম এক্সিকিউটিভ নুর আনোয়ার হোসেন ও মাহবুবা ফেরদৌস বর্তমান পদে থাকলে ভোটের ফলাফল পাল্টে দিয়ে একটা বড় মাপের মিডিয়া ক্যু ঘটাবে। তিনি অবিলম্বে এদের অন্যত্র বদলির দাবি জানান।