বাইসাইকেল প্রতীক বরাদ্দের পর ইন্দুরকানীতে জেপির মিছিল

পিরোজপুর ২ আসনের ইন্দুরকানীতে আনোয়ার  হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপির বাইসাইকেল মার্কার নির্বাচনী স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার নির্বাচনী প্রতীক বাইসাইকেল নির্ধারণের পরে বিকালে ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি জেপি, জাতীয় যুব সংহতি ও জাতীয় ছাত্র সমাজের আয়োজনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ইন্দুরকানীর চাড়াখলী জেপি কার্যালয় থেকে বের হয়ে ইন্দুরকানী বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা জেপি কার্যালয়ে শেষ হয়। এ সময় এক পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জেপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুল, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মজনু হোসেন রনি। বক্তারা ৩০ ডিসেম্বর সকল ভোটারকে বাইসাইকেল মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি জেপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মাহামুদ সেলিম,  যুব সংহতির যুগ্ম যুব বিষয়ক সম্পাদক আবুল বাশার, সুলতান মল্লিক, আবুল কালাম, ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক মুনান সিকদার, রাসেল বয়াতী, মামুন রানা, মাসুদ রানা রিপন, যুগ্ম সদস্য সচিব জসিম মীর, সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলার প্রতিটি ওয়ার্ডে পৃথকভাবে মিছিল করা হয়। মিছিলে সকল ভোটারের কাছে বাইসাইকেল মার্কায় ভোট প্রদান করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আনোয়ার হোসেন মঞ্জুকে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়।