বহিষ্কৃত যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যা ঘটে দেখবেন, অপেক্ষা করুন। গতকাল শনিবার হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। চীন প্রজাতন্ত্রের ৭০ বছরের অর্জন নিয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা অনেক কিছু বলছেন, আমরা যেটা বলছি সম্রাট হোক আর যেই হোক, অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় আনব। আমি এটা এখনো বলছি সম্রাট বলে নয়, যে কেউ আইনের আওতায় আসবে। আপনারা সময় হলেই দেখবেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনাদের আমরা সব সময় সঠিক তথ্যটাই দিয়ে থাকি। চলমান যে অভিযান এটাকে আমি অভিযান বলব না, এটা সব সময় হয়ে থাকে। আমরা তথ্যভিত্তিক অভিযান চালাচ্ছি। আপনারাও দেখছেন। অপরাধ ঘটছে বা যারা অপরাধ ঘটাচ্ছে এমন খবর যখন পাব তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
পুলিশের ওপর মানুষের আস্থা নেই, বিভিন্ন সময় পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে। এ অভিযান পরিচালনার মধ্য দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাসিনোর বিরুদ্ধে পুলিশ নয়, র্যাব অভিযান শুরু করেছে। আর এতে র্যাবই সফল। অভিযানের আওতায় সাধারণ কাউকে যেন অযথা হয়রানি করা না হয় সেজন্য এ পরিকল্পনা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে। তার মূল কারণ হলো সামনে কী আসবে সেটা নিয়ে চিন্তা করেন। এ কারণে তিনি দেশকে একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন। এ উন্নয়নকে কীভাবে টেকসই উন্নয়নে রূপান্তরিত করা যায় সেজন্য প্রধানমন্ত্রী সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। সুশাসন প্রতিষ্ঠায় তিনি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে বলেছেন এবং সবাইকে আইন মেনে চলতে বলেছেন। আমরা তথ্যভিত্তিক অভিযান চালাচ্ছি। চলমান এ অভিযানকে ‘শুদ্ধি অভিযান’ বলতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য যা করার প্রয়োজন তাই আমরা করছি।
উল্লেখ্য, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে সবচেয়ে আলোচনায় আসা সম্রাটকে আটক করা হয়েছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। ক্ষমতাসীন দলের এ নেতা নগরীর অবৈধ ক্যাসিনো তথা জুয়ার আসরের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া তার বিরুদ্ধে অন্য অভিযোগের শেষ নেই। ক্যাসিনো কাণ্ডে গ্রেফতাররাও তাকে ‘ক্যাসিনো সম্রাট’ বলে অভিহিত করেছেন। এসব কারণে সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল পুলিশ। গত রবিবার তার দেশত্যাগে নিষেধাজ্ঞাসংক্রান্ত একটি আদেশ দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরে পাঠানো হয়। সেই সঙ্গে তার ব্যাংক হিসাবও তলব করেছে বাংলাদেশ ব্যাংক। পুলিশের উচ্চপর্যায়ের একটি মহল বলেছেন সম্রাট আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আছেন।