‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ৭৩ বছরের বর্ণাঢ্য জীবনে উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন টানা ৩৮ বছর ধরে। বিশ্বের সব থেকে বেশি সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা নারী রাজনীতিবিদের মাইলফলকও এখন তার দখলে। প্রজ্ঞা, দূরদর্শিতা, বিচক্ষণতা আর সাহসী নেতৃত্বগুণের কারণে দেশের গণ্ডি ছাড়িয়ে শেখ হাসিনা এখন নিজেকে আসীন করেছেন বিশ্বনেতৃত্বের কাতারে।
গতকাল শনিবার বাঙালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাতিঘর, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদ্যাপনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয় নেতারা এসব কথা বলেন। কেক কাটা, আলোচনা সভা, শোভাযাত্রা, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনাসভার মাধ্যমে এবার তার ৭৩তম জন্মদিন উদ্যাপিত হলো। জন্মদিনটি উত্সবমুখর পরিবেশে পালন করেছে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। জেলা, মহানগর, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়েও একই কর্মসূচি পালিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে মধুমতি নদীবিধৌত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তিন মেয়াদ পূর্ণ করে চতুর্থ মেয়াদে ক্ষমতাসীন হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বেলা ১১টায় এ উপলক্ষ্যে বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়েছে। প্রার্থনাসভায় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একইভাবে সকাল ১০টায় আন্তর্জাতিক বৌদ্ধবিহার, সকাল ৯টায় খ্রিষ্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) ওয়াইএমসি এ চ্যাপেল, ২৯ সেনপাড়া-পর্বতা, মিরপুর-১০-এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে বিকালে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করে।