দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতাদের

দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেছেন, কোনো অপকর্মকারী ছাড় পাবে না। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল শনিবার বিকালে রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন।

সভাপতির বক্তৃতায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু এমপি বলেন, কোনো অপকর্মকারীদের ছাড় দেওয়া হবে না। তাদের জন্য এত উন্নয়ন, অর্জন ম্লান হতে পারে না। আমাদের নেত্রী কষ্ট করে, পরিশ্রম করে যা অর্জন করেছেন তা আমাদের গুটি কয়েকের জন্য ম্লান হতে দিতে পারি না। তিনি বলেন,  বিশ্বের যে কোনো জায়গায় উন্নয়ন ও অর্জন নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশ অনায়েসে চলে আসে, চলে আসে শেখ হাসিনার নাম। আমির হোসেন আমু বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যই সৃষ্টিকর্তা শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছিলেন। নিজ দক্ষতায় নিজেকে তিনি একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেন, আজকের বিশ্বে ক্ষমতাধর শুধু নন, সেরা দশ জনের মধ্যে একজন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। নিজ কর্মগুণে তিনি দেশ-বিদেশে সমাদৃত। তিনি টিকাদান কর্মসূচিতে সফলতার জন্য ভ্যাক্সিন হিরো অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি যুব সমাজের দক্ষতা উন্নয়নের জন্যও জাতিসংঘ পদক পেয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেন, ‘যারা দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক কারবার করে তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়েছে। শুধু রাজধানীতে নয়, ঢাকার বাইরেও এই অভিযান শুরু হচ্ছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী ও মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।