কোম্পানীগঞ্জে স্পিরিট পানে ছয় জনের মৃত্যু

উপজেলার বসুরহাটে বিষাক্ত স্পিরিট পানে ছয়জনের মৃত্যু হয়েছে। এতে অসুস্থ আছেন একজন। বিষাক্ত স্পিরিট বিক্রির অভিযোগে পুলিশ রফিক হোমিও হলের মালিক ডা. জাহিদ উল্যাহ (৬৫) ও তার ছেলে মিজানুর রহমানকে আটক করেছে। রফিক হোমিও হলে তল্লাশি চালিয়ে ৬০০ বোতল স্পিরিট উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ হোমিও দোকানটি সিলগালা করে দেন।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বসুরহাট পৌরসভার মেইন রোডের পান বাজার সংলগ্ন রফিক হোমিও হল থেকে বিষাক্ত স্পিরিট বিক্রি করা হয়। পরে বিষাক্ত স্পিরিট খেয়ে গত শুক্রবার পর্যায়ক্রমে ছয়জনের মৃত্যু ঘটে। নিহতরা হলেন : বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাঁশ বেপারী বাড়ির মৃত ইছহাক মিয়ার ছেলে নুর নবী মানিক (৫২) একই ওয়ার্ডের ক্ষিরত মহাজন বাড়ির মৃত অনিল রায়ের ছেলে রবি রায় (৫৫), ক্যাপ্টেন আবদুর রহমানের ছেলে ওমর ফারুক লিটন (৫০), সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত রইছল হকের ছেলে সবুজ (৪৫), একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগর গ্রামের ফয়েজ আহমদের ছেলে মো. মহিন উদ্দিন (৪০) ও চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুুল আজিজের ছেলে আবদুল খালেক (৬৫) । নুর নবী মানিক ও রবি রায়ের লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মর্গে পাঠিয়েছে। অপর চারজনকে গোপনে ময়না তদন্ত ছাড়া দাফন করা হয়।

গুরুতর অসুস্থ মোজাম্মেল হোসেন দুলাল (৫০) ফেনী জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

রফিক হোমিও হলের মালিক ডা. সৈয়দ জাহিদ উল্যাহ দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখের সামনে স্পিরিট বিক্রি করে আসছে বলে স্থানীয় ব্যবসারীরা অভিযোগ করেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, ময়না তদন্তের রিপোর্ট এলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।