শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে থরে থরে সাজানো চিত্রকর্ম, আলোকচিত্র। কোথাও স্থান পেয়েছে ইনস্টলেশন ও স্থাপনাচিত্র। এসব বহুমাত্রিক শিল্পের আলোয় জন্মদিনে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র ও শিল্পকর্ম নিয়ে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি’ শিরোনামের মাসব্যাপী বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। শিল্পকর্মগুলোতে উঠে এসেছে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড এবং তার বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা অধ্যায়। এসব আলোকচিত্র ও শিল্পকর্মের মধ্য দিয়ে শেখ হাসিনাকে শিল্পের একক আবহে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। একাডেমির চিত্রশালার ১, ২ ও ৬ নম্বর গ্যালারিতে চলছে বিশেষ এই প্রদর্শনী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে গতকাল শনিবার রাতে একাডেমির চিত্রশালায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে শেখ হাসিনার সংগ্রামী জীবন ও কর্মকে। শেখ হাসিনার ছোটোবেলা থেকে শুরু করে বর্ণাঢ্য জীবন ২৩১টি আলোকচিত্র, ১৩৩টি চিত্রকর্ম, ৪টি স্থাপনাশিল্প, ৫টি ইনস্টলেশনে তুলে ধরা হয়েছে। জীবনসংগ্রাম থেকে রাজপথ, নানা চড়াই-উতরাই পেরিয়ে এগিয়ে চলা, বাবার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে দৃঢ় প্রত্যয়—কোনো কিছুই বাদ যায়নি প্রদর্শনীতে। এতে আরো রয়েছে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশিত বিভিন্ন বইয়ের প্রদর্শনীও। মাসব্যাপী এই আয়োজনে থাকছে ১০টি আলোচনা সভা। এছাড়া এই আয়োজন চলাকালীন জাতীয় চিত্রশালা প্লাজায় শিল্পীরা আঁকবেন প্রধানমন্ত্রীর ৩২/৪৩ ফুট সাইজের প্রতিকৃতি।
গত ২৮ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর জাতীয় চিত্রশালার চিত্রকলা স্টুডিওতে অনুষ্ঠিত ‘শতচিত্রে জননেত্রী’ শীর্ষক মাসব্যাপী আর্ট ক্যাম্পে ১০০টি চিত্রকর্ম সৃজিত হয়েছে।