বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়পত্র গ্রহণ করে নির্বাচনে প্রতিদ্বন্দিতার সুযোগ দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে আরেক বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ ভূইয়ার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। ফৌজদারি কার্যবিধির ৪২৬ ধারা অনুযায়ী টুকু ও দুলুর সাজা ও দণ্ড স্থগিত থাকায় হাইকোর্ট তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে ইসিকে নির্দেশ দিয়েছে বলে জানান তাদের আইনজীবীরা। সিরাজগঞ্জ-২ থেকে ইকবাল হাসান মাহমুদ টুকু এবং নাটোর-২ আসন থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং খাগড়াছড়ি-১ থেকে ওয়াদুদ ভূইয়া দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন। তবে ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় ওই মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। আপিল করলে এই সিদ্ধান্ত বহাল রাখে ইসি। পরে হাইকোর্টে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তারা। শুনানি শেষে গতকাল আদালত উপরোক্ত আদেশ দেয়।
পরে টুকুর আইনজীবী আজমালুল হোসেন কিউসি সাংবাদিকদের বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকুর দুর্নীতির মামলায় সাজা হয়েছিলো। হাইকোর্টে তিনি খালাস পান। পরে দুদকের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ পুন:শুনানির জন্য আপিলটি পুনরায় হাইকোর্টে পাঠানো হয়। তিনি বলেন, যখন হাইকোর্টে ২০০৯ সালে এসেছিলাম তখন ফৌজদারি কার্যবিধির ৪২৬ ধারা অনুসারে সাজা ও দণ্ড স্থগিত করেছিলো। ওই আদেশ এখনো বহাল আছে। এর প্রেক্ষিতে আজকে ওই আদেশ পেলাম।