মৈত্রী এক্সপ্রেস থেকে ৫ লাখ ডলারসহ পাঁচ বাংলাদেশি নাগরিক আটক হয়েছে। শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের কলকাতা স্টেশনে ঢাকাগামী ট্রেনটি থেকে ভারতের শুল্ক দপ্তরের গোয়েন্দারা এদের গ্রেফতার করে। গতকাল শনিবার তাদের কলকাতার ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে ১ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়। আটককৃতরা হচ্ছে দিলওয়ার হোসেন, হাফিজ শেখ, মানিক মিয়া, দুলাল ও জাকির হোসেন। এদের বাড়ি গোপালগঞ্জে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ঐ ট্রেনের সি-২ কামরায় অভিযান চালায় শুল্ক দপ্তরের গোয়েন্দারা। এসময় ঐ পাঁচ জনের কাছ থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ ডলার। জানা গেছে, কলকাতায় কয়েকদিন থাকার পর এরা বাংলাদেশে ফিরে যাচ্ছিল। আদালতে শুল্ক দপ্তরের আইনজীবী বলেন, কলকাতাকে করিডোর হিসেবে ব্যবহার করে এরা বিদেশি মুদ্রা চোরাচালান করছিল। কোথা থেকে ঐ বিপুল পরিমাণ ডলার এরা সংগ্রহ করেছে তা জানতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।