বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যায়িত করে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সরকারের পদত্যাগের পাশাপাশি একটি জাতীয় সরকার গঠনেরও দাবি জানানো হয়েছে। ঐক্যফ্রন্টের পক্ষে গতকাল শনিবার ফ্রন্ট শরিক গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার সই করা এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে দুর্নীতি, লুটপাট তদন্তে একটি জাতীয় কমিশন গঠনেরও দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বিবৃতিতে বলা হয়, ধ্বংসপ্রাপ্ত শাসন-প্রশাসন ব্যবস্থা পুনরুদ্ধার, সাংবিধানিক গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনর্বহাল ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এ দাবি সরকারের মেনে নেওয়া উচিত।
জাতীয় ঐক্যফ্রন্ট বিবৃতিতে তিনটি দাবি জানিয়েছে। সেগুলো হলো- বর্তমান ‘অবৈধ’ সরকারকে পদত্যাগ করে জাতীয় সরকার ঘোষণা, খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দির মুক্তিসহ বিদ্যমান রাজনীতি ও শাসনতান্ত্রিক সংকট নিরসনে আন্দোলনরত রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলোকে নিয়ে জাতীয় সংলাপের মাধ্যমে পথ নির্ধারণ এবং বর্তমান সরকারের গুম-খুনসহ রাতের আঁধারে ভোটডাকাতি এবং দুর্নীতি-লুটপাট তদন্তে গ্রহণযোগ্য জাতীয় কমিশন গঠন। যৌথ বিবৃতিতে আরো বলা হয়, গত কয়েকদিনের পুলিশি অভিযানে রাষ্ট্রের ক্ষত ও বেআইনি কার্যকলাপের চিত্র এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনে অবাধ বাণিজ্য, আইনের শাসনকে অবজ্ঞা করার যে রূপ প্রকাশিত হয়েছে, তা ভয়াবহ ও ভয়ংকর। কেবল সরকারের আশ্রয়প্রশ্রয় ও মদদে রাষ্ট্রীয় ব্যবস্থায় এই ধরনের অনিয়ম-অপকর্ম সম্ভব। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, বর্তমান অগণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এভাবে চলতে থাকলে রাষ্ট্র বড়ো ধরনের অভ্যন্তরীণ সংকটে পড়বে।