কলেজছাত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কলেজছাত্রী ও  সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

রংপুর: রাস্তা পারাপারের সময় ঢাকাগামী শাহ্ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসচাপায় ইতি আক্তার নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গতকাল রংপুর নগরীর ধান গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কের পাঁচ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ইতি নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের নগর মীরগঞ্জ এলাকার দুলাল হোসেনের মেয়ে এবং রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ভোলা (দক্ষিণ) : মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দৌলতখান উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন কান্টু মাস্টার নিহত হয়েছেন। গতকাল ভোলা-চরফ্যাশন সড়কের কমরউদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাভার: সাভারে রাস্তা পারাপরের সময় বাস চাপায় শাকিল (২০) নামে এক পিকআপ গাড়ির হেলপার নিহত হয়েছেন। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। শাকিল নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার উত্তর জারভেরী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): রূপগঞ্জে কাভারভ্যান চাপায় অটোরিকশা যাত্রী মুক্তিযোদ্ধা খাঁন মোহাম্মদ খুরশিদ আলম (৬৫) নিহত হয়েছেন। গতকাল উপজেলার তারাব পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খুরশিদ আলম গোপালগঞ্জ জেলার মোকসেদপুর বেজরা গ্রামের।