শুরুটা আমিনুল ইসলাম বুলবুলের ব্যাটে। ২০০০ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অভিষেকে তার ব্যাটেই টেস্ট ক্রিকেটের অভিজাত আঙ্গিনায় সেঞ্চুরির খাতা খুলেছিল বাংলাদেশ। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুমিনুল হকের ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিতেই সাদা পোশাকে বাংলাদেশের সেঞ্চুরির ‘হাফ সেঞ্চুরি’ হয়ে গেল। ১১০তম ম্যাচে ৫০ টেস্ট সেঞ্চুরি পেল বাংলাদেশ।
সর্বোচ্চ ৮টি সেঞ্চুরি তামিমের। মুমিনুল ৭টি, আশরাফুল ৬টি, মুশফিক ৬টি, সাকিব ৫টি, হাবিবুল বাশার-ইমরুল কায়েস ৩টি করে সেঞ্চুরি করেছেন। একটি করে সেঞ্চুরি আছে আমিনুল ইসলাম বুলবুল, শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর, মাহমুদউল্লাহ রিয়াদ, নাফিস ইকবাল, আবুল হাসান, মোহাম্মদ রফিক, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, শামসুর রহমান, খালেদ মাসুদ পাইলট, সোহাগ গাজী ও নাসির হোসেনের।