সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রীকে হত্যার দায়ে রশিদুল ইসলাম (৩২) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে জরিমানা করা হয়েছে এক লাখ টাকা। রবিবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের এপিপি আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত রশিদুল ইসলাম জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি মামলা দায়েরের পর থেকে পলাতক।
মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালে রশিদুলের সঙ্গে একই উপজেলার আন্দাকোটা পাড়া গ্রামের আব্দুস ছালামের মেয়ে সালমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য তিনি স্ত্রীকে নির্যাতন করতেন। সালমা গর্ভবতী হলে তাকে বাবার বাড়ি নিয়ে আসা হয় । ২০১১ সালের ২৩ জানুয়ারি রশিদুল শ্বশুর বাড়িতে এসে রাত ৮টার দিকে বেড়ানোর কথা বলে স্ত্রী সালমাকে বাইরে নিয়ে যায়। পরে বাড়ির পাশে একটি বাঁশ ঝাড়ের নিচে তাকে মারপিট করে এবং শ্বাসরোধ করে হত্যা করে। পরে রাত ১২ টার দিকে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে । এ ঘটনায় বাবা আব্দুস ছালাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।
ইত্তেফাক/অনি