বাংলাদেশের সম্ভাব্য পাকিস্তান সফর
স্পোর্টস রিপোর্টার
গত পাঁচ-ছয় বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেতের আশায় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সুযোগ পেলেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পাকিস্তান সফরে পাঠাতে বিসিবিকে চাপ দিচ্ছে পিসিবি। নিরাপত্তার সংকট থাকলেও পাকিস্তানের মাটিতে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের চেষ্টায় মরিয়া এখন পিসিবি। সংগত কারণেই অন্যান্য বোর্ডের মতো বিসিবিকেও অনুরোধ করে যাচ্ছে তারা।
বর্তমানে পাকিস্তান সফর করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। যদিও নিরাপত্তাহীনতার কথা ভেবেই শীর্ষ লঙ্কান ক্রিকেটাররা সফর থেকে অব্যাহতি নিয়েছেন। লাহিরু থিরিমান্নের নেতৃত্বে খর্বশক্তির শ্রীলঙ্কা দল পাকিস্তান সফর করছে।
প্রসঙ্গক্রমেই এসে যাচ্ছে ভবিষ্যতে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের বিষয়টি। এফটিপি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা টাইগারদের। সফরে দুইটি টেস্ট ও তিনটি টি-২০ খেলার কথা রয়েছে। সাকিব-তামিমদের আগেই আগামী ২৩ অক্টোবর বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল পাকিস্তান সফরে যাবে। সালমা-রুমানারা আগেও পাকিস্তান সফরে গিয়েছেন কয়েকবার।
যত আলোচনা এখন বাংলাদেশ পুরুষ দলের পাকিস্তান সফর নিয়ে। এর আগেও কয়েকবার পাকিস্তান সফর বাতিল করেছিল বিসিবি। এবার এখনই সফর বাতিলের পথে যাচ্ছে না বিসিবি। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি দেখতে কয়েক দিনের মধ্যেই একটি প্রতিনিধিদল পাঠাতে চায় বিসিবি। শ্রীলঙ্কা দলের সফর চলাকালীনই সেটি করতে চায় বিসিবি। কোনো সিরিজের মধ্যে সফরকারী দলের জন্য পিসিবির নিরাপত্তা আয়োজন চাক্ষুস দেখাই যার লক্ষ্য। গতকাল মিরপুর স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এমনটা জানিয়েছেন।
নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠানো সম্পর্কে বিসিবির প্রধান নির্বাহী গতকাল বলেছেন, ‘সেরকমই পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতেই আমরা আশা করছি খুব শিগিগরই একটা পরিদর্শক দল ঐ দেশগুলো সফর করবে।’
বাংলাদেশ নারী দল যাওয়ার আগেই প্রতিনিধি দলকে পাঠানোর চেষ্টা করছে বিসিবি। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমরা একই ভাবে চেষ্টা করছি যে মেয়েদের যাওয়ার আগেই সিকিউরিটি পরিদর্শনটা হবে। তাহলে আমাদের জন্য সুবিধা হয় এবং আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট যাতে পাই।’
ইতিমধ্যে নিরাপত্তা আয়োজন এবং এর নিশ্চয়তা দিয়ে বিসিবিকে চিঠি দিয়েছে পিসিবি।
যা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছে বিসিবি। পুরো প্রক্রিয়া সম্পর্কে বিসিবির প্রধান নির্বাহী গতকাল বলেছেন, ‘আমরা বাংলাদেশ হাইকমিশনের (পাকিস্তানে) সঙ্গে যোগাযোগ করেছি। বাংলাদেশ হাই কমিশন একটা প্রতিবেদন দিয়েছে। এবং আমরা এটা সরকারকে পাঠিয়েছি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পাঠিয়েছি। মন্ত্রণালয় এটার ওপর কাজ করছে। আমরা আশা করছি যে, খুব শিগিগরই একটা পরিদর্শক টিম হয়তো বা পাকিস্তান সফরে যাবে। আমরা চেষ্টা করছি যে, যেহেতু শ্রীলঙ্কা দল এখন পাকিস্তান সফর করছে। ঐ সময় যদি তারা অনগ্রাউন্ড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টগুলো দেখতে পারে তাহলে তাদের জন্য আরো সহজ হবে অ্যারেঞ্জমেন্ট মূল্যায়নে।’
অতীতে দুবাইয়ে নিজেদের হোম সিরিজগুলো খেলত পাকিস্তান। সম্প্রতি হোম সিরিজগুলো পাকিস্তানেই আয়োজনের চেষ্টা করছে পিসিবি। যার অংশ হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে এফটিপির হোম সিরিজটা নিজেদের মাটিতে খেলতে চায় পিসিবি। একইসঙ্গে বাংলাদেশের বিপক্ষে দুবাইয়ে হোম সিরিজ খেলতে রাজি নয় তারা।