চেলসি, টটেনহ্যামের জয়
স্পোর্টস ডেস্ক
লিভারপুল গত রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে দিনের শুরুর ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা আরো পোক্ত করে বসেছিল। শিরোপাধারী ম্যানচেস্টার সিটি একটু পা হড়কালেই ব্যবধানটা সাত কিংবা আট হয়ে যেতে পারত। কিন্তু এভারটনের মাঠে ৩-১ গোলে জয় নিয়ে সেটা হতে দেয়নি কোচ পেপ গার্দিওলার শিষ্যরা।
দিনের অন্য ম্যাচে টটেনহ্যাম ২-১ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। এদিকে কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে নিজেদের মাঠে প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচ জিতেছে চেলসি। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ২-০ গোলে হারিয়েছে তারা।
শেফিল্ডের মাঠে লিভারপুলের জয়টা মোটেও অনায়াসে আসেনি। বলের দখলে এগিয়ে থেকে প্রতিপক্ষ গোলমুখে ত্রাস ছড়ালেও গোলের দেখা পাচ্ছিল না কোচ য়ুর্গেন ক্লপের শিষ্যরা। শেষমেশ ৭০ মিনিটে জর্জিনিও ওয়াইনালডামের দূরপাল্লার শটে গোল পেলে টানা সপ্তম ম্যাচে জয় নিশ্চিত করে তারা।
ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় কোচ ক্লপ বলেন, ‘এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ জয়। প্রথমার্ধে আমরা দুটো বড় সুযোগ পেয়েছিলাম এবং দ্বিতীয়ার্ধে একটি সুযোগ থেকেই গোল পেয়েছিলাম আমরা। এমন খেলাগুলোয় সৌন্দর্য না থাকলেও কঠোর পরিশ্রম করে জয় তুলে নিতে হয়।’
লিভারপুল জয় নিয়ে আট পয়েন্টের ব্যবধানে চলে যাওয়ায় বেশ চাপেই ছিল শিরোপাধারী সিটি। তবে গুডিসন পার্কের ম্যাচে ২৪ মিনিটে গ্যাব্রিয়েল জেসাসের গোলে এগিয়ে যায় তারা। ৯ মিনিট পর সমতায় ফেরে স্বাগতিক এভারটন। দ্বিতীয়ার্ধে রিয়াদ মাহরেজ ও রাহিম স্টার্লিংয়ের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে কোচ পেপ গার্দিওলার দল।
এই জয়ের ফলে লিভারপুলকে পাঁচ পয়েন্টের বেশি ব্যবধানে এগিয়ে যেতে দেয়নি দলটি, যা বেশ স্বস্তি দিচ্ছে গার্দিওলাকে, ‘আমরা জানতাম লিভারপুল জিতেছে এবং ব্যবধানটা আট পয়েন্টের। আমরা তিন পয়েন্ট জেতায় সেটা পাঁচে নেমে এসেছে এবং এটা সেপ্টেম্বর মাস। অনেক পয়েন্টের খেলা বাকি। আমরা জানি—আমাদের লড়াইটা কার সঙ্গে, তারা টানা সাত ম্যাচ জিতেছে, ইউরোপসেরা দল এবং দারুণ ফুটবল খেলছে।’
এদিকে টটেনহ্যাম কোচ মরিসিও পচেত্তিনো কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে কোলচেস্টারের কাছে আচমকা হারের পর এদিন বড় পরিবর্তন আনেন দলে। ট্যাংগুয়ে এনডম্বেলে ও হ্যারি কেইনের লক্ষ্যভেদে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।
প্রথমার্ধে ডিফেন্ডার সার্জি অরিয়ের লাল কার্ড দেখার পরেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় উচ্ছ্বসিত টটেনহ্যাম কোচ। পচেত্তিনোর ভাষ্য, ‘দলটা অবিশ্বাস্যভাবে লড়েছে। দশ জন নিয়ে খেলেও গোল করেছে এবং দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিট এক হয়ে লড়ে গেছে।’ দিনের অন্য ম্যাচে চেলসি জর্জিনহো ও উইলিয়ানের গোলের সুবাদে ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে।