স্পোর্টস রিপোর্টার
মোহামেডানের সাবেক ফুটবলার নকিব, কানন, কর্মকর্তা মোস্তাকুর রহমান, আবু হাসান প্রিন্স, ফজলুর রহমান, স্বাধীনবাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, প্রতাপ শংকর হাজরা গতকাল বিকালে ক্লাবে গিয়েছিলেন। ক্লাবের কনফারেন্স রুমে বসে ফুটবল দল নিয়ে কী করা যায় তা নিয়ে আলোচনায় ছিলেন। সেখানে পরিচিত মুখ-সমর্থক দলের লোকজন উপস্থিত হয়ে নিজেদের উদ্যোগে বক্তব্য দিতে শুরু করেন।
কর্মকর্তারা সমর্থকদের কথা বলতে সুযোগ দিলে তারা আগামীতে চ্যাম্পিয়ন হয় এমন দল গঠনের দাবি জানায়। কানন-মোস্তাকরা কথা শুনছিলেন। একে একে সমর্থক দলের পরিচিত এই সব মুখ, যারা গ্যালারিতে বাবু ভাই, বাবু ভাই বলে শ্লোগান তুলত তারা গতকাল ফুটবল ম্যানেজার বাবু সম্পর্কে বিষোদ্গার করেন। কারো সম্পর্কে সমালোচনা না করার অনুরোধ করেন কাননরা।
একটা পর্যায়ে সমর্থকরা নিজেদের মধ্যে একজন আরেকজনের প্রতি উত্তেজিত হন। বিষোদ্গার করতে শুরু করেন। হাতাহাতি পর্যায়ে না যাওয়ার আগে সাবেক গোলকিপার কানন দাঁড়িয়ে উত্তেজিত হয়ে ধমক দেন। কোনো বিশৃঙ্খলা না করার অনুরোধ করেন। কাউকে গালাগালি না করার কথা বলেন। কানন বলেন, ‘এখানে শৃঙ্খলা রাখতে হবে।’ ফজলুর রহমান বলেন ‘ওদের বলতে দাও।’ সমর্থকরা দাবি করে বলেন, ‘কারা চেয়ারে বসবেন সেটা আমাদের দেখার বিষয় নয়। চ্যাম্পিয়ন দল গড়তে হবে।’
মোহামেডানের সাবেক অতিরিক্তি সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান সমর্থকদের উদ্দেশে বলেন, ‘এত দিন তো কাউকে দেখিনি। এখন এত দাবি কেন?’ সমর্থকরা বলেন, ‘আমরা আসিনি ভালো দল গড়া হয়নি বলে।’