ক’দিন আগে আমি এবং আমার বন্ধু হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক জহুরুল হক ভুঁইয়া মেহেরপুর জেলা ভ্রমণে গিয়ে মুজিবনগর স্মৃতিসৌধ দেখতে যাই। আমাদের সঙ্গে ছিলেন স্থানীয় আলেম এবং সমাজকর্মী কুতুবুদ্দিন আহমেদ। তিনি আমাদের মুজিবনগরের বিভিন্ন স্থাপনা দেখালেন। এক পর্যায়ে তিনি বললেন, আপনাদের ইতিহাস বিকৃতির একটি নমুনা দেখাই। তিনি একটি ভাস্কর্যের কাছে নিয়ে গেলেন। ভাস্কর্যটি সাদা পাথরে তৈরি। ভাস্কর্যে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানসহ খন্দকার মোস্তাক আহমেদ এবং কর্নেল এম এ জি ওসমানী আছেন। কিন্তু অনার বোর্ডে ক্যাপ্টেন মনসুর আলীকে এ এইচ এম কামারুজ্জামান এবং এ এইচ এম কামারুজ্জামানকে ক্যাপ্টেন মনসুর আলী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। এতে নতুন প্রজন্মের যাঁরা জাতীয় নেতাদের অবয়বের সঙ্গে পরিচিত নন, তাঁরা বিভ্রান্ত হচ্ছেন। এত বড় একটি ভুল অথচ দায়িত্বশীল সংশ্লিষ্ট কারো চোখেই পড়ল না? পরিশেষে, অনার বোর্ডটি পরিবর্তন করে শুদ্ধভাবে লিখে তা প্রতিস্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
এম এ খালেক
৩৯৪/৩ মধুবাগ, মগবাজার, ঢাকা ১২১৭