অন্তর্ভুক্তিমূলক ব্যবসা সম্প্রসারণে বাংলাদেশ নিজস্ব কৌশল গ্রহণ করেছে :শিল্পমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, অন্তর্ভুক্তিমূলক ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বাংলাদেশ নিজস্ব কৌশল গ্রহণ করেছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সাফল্যের পর বাংলাদেশ এখন টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে। শিল্পখাতের ক্রমাগত প্রবৃদ্ধি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিল্পমন্ত্রী গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে দ্বিতীয় আন্তর্জাতিক অন্তর্ভুক্তিমূলক ব্যবসা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) এবং এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। ডিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট ফারুক হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ, সুইডেনের রাষ্ট্রদূত সার্লোট্টা স্লাইটার ও বাংলাদেশে এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কান্ট্রি ডিরেক্টর জেসন বেলেঞ্জার বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়ক ধরে দ্রুত এগিয়ে চলেছে। সরকারের শিল্পবান্ধব নীতির ফলে ইতিমধ্যে এ দেশ দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। জনগোষ্ঠীকে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয়েছে। তিনি বলেন, এ সম্মেলন দারিদ্র্য বিমোচন, অসমতা হ্রাস, সামাজিক অবিচার ও লিঙ্গবৈষম্য প্রতিরোধসহ, এসডিজির সব লক্ষ্য অর্জনে অংশীজনদের ভূমিকা জোরদার করবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, অন্তর্ভুক্তিমূলক ব্যবসার প্রসারে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা জোরদার করতে হবে। তারা উল্লেখ করেন, টেকসই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে নারী ও পুরুষ উভয়ের জন্য সহায়ক নীতিমালা প্রণয়ন, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যকর সংস্কার এবং ব্যবসার সুযোগ সহজ করতে হবে। তারা ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শিল্প উদ্ভাবনে পৃষ্ঠপোষকতা প্রদান এবং উচ্চ উত্পাদনশীলতার কৌশল গ্রহণের সুপারিশ করেন।