কাটরাশইন-গহেলাপুর সড়ক খানাখন্দে ভরা

ভোগান্তিতে মানুষ

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগরে এলজিইডির কাটরাশইন-গহেলাপুর গ্রামীণ রাস্তা বড়ো বড়ো খানা-খন্দে ভরে গেছে। রাস্তার কোথাও কোথাও আবার পুরো অংশ ভেঙে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এতে প্রতিনিয়তই স্কুলের শিক্ষার্থীসহ যাত্রীসাধারণের ভোগান্তি পোহাতে হচ্ছে আর প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সরেজমিনে দেখা গেছে, উপজেলার কাটরাশইন-গহেলাপুর রাস্তার প্রায় এক কিলোমিটার অংশ বর্তমানে খানা-খন্দে ভরা। এই রাস্তা দিয়ে পোঁওয়াতাপাড়া, কাটরাশইন, গহেলাপুরসহ প্রায় ১০টি গ্রামের মানুষকে প্রতিনিয়তই চলাচল করতে হয়। চলাচলের জন্য এই রাস্তাটি একমাত্র পথ হওয়ায় ঝুঁকি নিয়েই চরম দুর্ভোগের মধ্যদিয়ে চলাচল করতে হচ্ছে। শুকনো মৌসুমে কোনোমতে চলাচল করা গেলেও চরম দুর্ভোগে পড়তে হয় বর্ষা মৌসুমে।

উপজেলার কাটরাশইন গ্রামের মন্টু সেপাই বলেন, আমরা চরম অবহেলিত এলাকায় বসবাস করি। যার কারণে দীর্ঘদিনেও গ্রামীণ এই অবহেলিত মরণ ফাঁদ রাস্তায় আধুনিকতার কোনো ছোঁয়াই লাগেনি। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অনেকবার জানানোর পরও বেহাল পড়ে আছে। বড়গাছা ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফু বলেন, এই গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য সকল কাগজপত্র উপজেলা প্রকৌশলী অফিসে জমা দিয়েছি। আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে।

উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মিঞা বলেন, উপজেলার কাটরাশইন-গহেলাপুর গ্রামীণ বেহাল রাস্তাটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাবনা পাঠিয়েছি। বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু করা হবে।