শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাওয়ায়
অংশ নিলেন শিক্ষামন্ত্রী
সিলেট অফিস
সিলেট বিভাগের চার জেলার নতুন ১৪টি বিদ্যালয়ে মিড-ডে মিল চালু হয়েছে রবিবার থেকে। এদিন সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাওয়ায় অংশ নিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একইসময় তিনি ভিডিও কনফারেন্সে সিলেট অঞ্চলের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানেও মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় শিক্ষাউপমন্ত্রী মুহিবুল হাসান নওফেল এমপিও উপস্থিত ছিলেন।
উদ্বোধন হওয়া ১৪টি বিদ্যালয়ের মধ্যে সিলেটে দুই, মৌলভীবাজারে তিন, হবিগঞ্জে চার এবং সুনামগঞ্জের পাঁচটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। মিড-ডে চালুর সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে স্কুল ফিডিং নীতিমালার আওতায় সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মিড-ডে মিল চালু করেছে। শিশুদের স্কুলমুখী করতে প্রতি মিলের জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে অনূর্ধ্ব ২০ টাকা গ্রহণ করা যাবে। প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত রান্নার জায়গা এবং রান্না পরিবেশন করার জনবলের ব্যবস্থা করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট অঞ্চলে এ পর্যন্ত ৬২২টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মিড-ডে মিল কার্যক্রম চালু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৬২টি, সুনামগঞ্জে ৬৮টি, মৌলভীবাজার জেলায় ১১৬টি এবং হবিগঞ্জ জেলায় ১৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর ফলে, ২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী উপকৃত হচ্ছে।