সাবেক ইউপি চেয়ারম্যানসহ তিন জন আটক
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে প্রাইভেট কারের বিভিন্ন যন্ত্রাংশের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় ইয়াবাসহ সাবেক ইউপি চেয়ারম্যান ও চাকরিচ্যুত নৌবাহিনীর সদস্যসহ তিন জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে তাদের আটক করা হয়। তাদের ব্যবহূত প্রাইভেটকারের ভেতর থেকে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন—নরসিংদীর মনোহরদীর চন্দনবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির (৪৪), জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের আব্দুল গণির ছেলে নৌবাহিনীর চাকরিচ্যুত সদস্য আজিজুর রহমান (৩৮), প্রাইভেটকারচালক সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পূর্ব লালার চর গ্রামের আবুল কালামের ছেলে আবুল কাসেম লিটন (৩০)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, কলাতলী মোড়ে প্রাইভেট কারটিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ইয়াবা থাকার কথা অস্বীকার করে। পরে কক্সবাজার সদর মডেল থানা এলাকায় এনে প্রাইভেটকারটির বিভিন্ন যন্ত্রাংশ খুলে পাওয়া যায় তিন হাজার পিস ইয়াবা।
সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান জানান, আটক সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামানের বিরুদ্ধে নরসিংদীতে মাদক ও বিশেষ ক্ষমতা আইনসহ চারটি মামলা রয়েছে। অপরজন আজিজুর রহমান ২০১১ সালে নৌবাহিনী থেকে চাকরিচ্যুত হন। ইয়াবা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।