ওসমানীনগরে ভুয়া পুলিশ আটক

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

ওসমানীনগরে আবু বকর ছাকীব ওরফে নাজমুস ছাকীব (২৪) নামের এক ব্যক্তিকে পুলিশ পরিচয়ে প্রতারণা করার অভিযোগে আটক করেছে থানা পুলিশ।  শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে রাউত্খাই গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে চাঁদপুরের সদর উপজেলার আমজদ আলী রোড দাসপাড়ার আবুল হোসাইন ডালীর ছেলে। বর্তমানে ঢাকার ৮৮, কাজী নজরুল ইসলাম এভিনিউতে বসবাস করছে। 

গতকাল রবিবার তার বিরুদ্ধে ওসমানীনগর থানার এসআই সুজিত কুমার চক্রবর্তী বাদী হয়ে একটি এবং প্রতারণার দায়ে প্রবাসী কামাল বাদী হয়ে অপর আরেকটি মামলা দায়ের করেন।

ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে সে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিল। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে তথ্য পেয়ে আমরা তাকে আটক করতে সক্ষম হই।