হাওর উপযোগী উন্নত জাত উদ্ভাবন করতে হবে

সিলেটে কর্মশালায় কৃষিসচিব

 সিলেট অফিস

হাওরাঞ্চলে বোরো ধানের ফলন বৃদ্ধিতে করণীয় শীর্ষক সিলেটে অনুষ্ঠিত এক কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান বলেছেন, ২০১৭ সালে ভাটি অঞ্চলে ভয়াবহ বন্যায় ফসলের যে ব্যাপক ক্ষতি হয়েছে তাতেই বুঝা যায় টেকসই উন্নয়নের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের সংস্থান অত্যন্ত জরুরি। তিনি বলেন, পরের বছর ব্যাপক ফলন হলো। কিন্তু আগের বছর ধানের ক্ষতির সময় ব্যবসায়ীরা বিপুল পরিমাণ চাল আমদানি করায় ধানের দাম কমে গেল। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্য ও কৃষির ঘাটতি মোকাবিলায় হাওর উপযোগী উন্নত জাত উদ্ভাবন করতে হবে। এ ক্ষেত্রে কৃষি গবেষকদের বড়ো ধরনের ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে ব্রির উদ্যোগে ডিএই-এর সহযোগিতায় গত শনিবার দিনব্যাপী নগরীর ধোপাদিঘীরপাড়ে একটি হোটেলে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সনত্ কুমার সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল মুঈদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সনত্ কুমার সাহা বলেন, উপজেলা সেচ কমিটিতে কৃষি বিভাগের সদস্য প্রতিনিধি হিসেবে রাখতে হবে।  কর্মশালায় কৃষক, জেলা উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাসহ শতাধিক লোক অংশ নেন।