সড়কে জলাবদ্ধতা দুর্ভোগে মানুষ

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীতে একটু বৃষ্টিতে প্রধান সড়কে জলাবদ্ধতার কারণে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নওগাঁ-বদলগাছী সড়কের উপজেলা সদরে খাদ্যগুদাম সংলগ্ন ও প্রাণিসম্পদ অফিসের সামনে পাকা রাস্তার কার্পেট উঠে বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে নওগাঁ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস, জয়পুরহাট, নজিপুর হয়ে সাপাহারে চলাচল করে। এছাড়া এ রাস্তা দিয়ে ভ্যান, রিকশা, সিএনজি, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে।

ভ্যানচালক কুদ্দস, জাহাঙ্গীর আলম, বেলাল বলেন, অনেক সময় যাত্রীদের নিয়ে ঝুঁকিতে ভাঙা রাস্তায় পারাপার হতে হয়।

উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান বলেন, উপজেলা প্রশাসনের সামনে থেকে খাদ্যগুদাম পর্যন্ত রাস্তাটা নিচু, এখানে উঁচু করে ঢালাই দিতে পারলে আর পানি বেঁধে থাকবে না। আমি এ বিষয়ে সড়ক জনপদের সঙ্গে কথা বলব।

নওগাঁ জেলা সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হামিদুল হক বলেন, বদলগাছী খাদ্য গোডাউনের সামনে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে জলাবদ্ধতা হচ্ছে। তবে শিগগিরই আর সিসি ঢালাই দেওয়া হবে।