শিল্পকলা একাডেমিকে সেরা সংগঠনের পুরস্কার দিল চীন

ইত্তেফাক রিপোর্ট

সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে চীন সরকার ‘আউটস্ট্যান্ডিং অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পুরস্কার দিয়েছে। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পক্ষ থেকে গত শনিবার এ পুরস্কার একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর হাতে তুলে দেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে শনিবার থেকে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এবং বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের রাষ্ট্রদূত লি জি মিং।

পুরস্কারপ্রাপ্তিতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে চীন-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি বলেন, ‘চীন সরকারের সহযোগিতায় এরই মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২০জন শিশুশিল্পী অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ নিয়েছেন। এই শিল্পীরা এখন সারাদেশে অ্যাক্রোবেটিক প্রদর্শনী করছেন।’