বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্যজোটের সমন্বয়কারী এলডিপি চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। জাতি আজ গভীর সংকটে নিপতিত। দেশ ক্রমশ রক্তপাতের দিকে এগিয়ে যাচ্ছে। এর জন্য দায়ি সরকার। আমরা চাই সুষ্ঠু নির্বাচন। আমরা চাই শান্তি। কিন্তু সরকার চায় অশান্তি। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে এই দেশের প্রতি আপনার দায়িত্ব রয়েছে। আপনি সুষ্ঠু নির্বাচন উপহার দিন। মানুষ চিরদিন বেঁচে থাকে না। আমাদের সবাইকে একদিন বিদায় নিতে হবে। কিন্তু সেই বিদায় যেন সম্মানজনক হয়। সবিনয়ে অনুরোধ করব দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। রক্তপাতের দিকে ঠেলে দেবেন না। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং রক্তপাতহীন নির্বাচনের ব্যবস্থা করুন যাতে ভোটের অধিকার, সুশাসন ও ন্যায়বিচার ফিরে আসে।
কর্নেল অলি বলেন, বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা দিয়ে বা একটা ঘটনা ইচ্ছাকৃতভাবে সংঘটিত করে অজ্ঞাতনামা ৫০ জন লোকের নামে মামলা দিচ্ছে এবং দলের নেতা-কর্মীকে ধরে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠাচ্ছে। জামিন নেওয়ার যখন সময় হয় তখন তাকে আরেকটা বিস্ফোরকের মামলা দিয়ে দেয়া হচ্ছে। ৩০ তারিখ পার করার জন্য সরকারের নির্দেশে অনেকে কাজ করছেন। বিচারকদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কারো কথায় কাজ করবেন না। আপনারা যেটা ন্যায়, সেই আইন মেনে কাজ করবেন। পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সকলে যেন নির্ভয়ে ভোট দিতে পারে আপনারা সেই ব্যবস্থা করেন। ঘরে ঘরে গিয়ে ভয় দেখানো, মিথ্যা মামলা দিয়ে কষ্ট দেওয়া, এটা আপনাদের কাজ হতে পারে না। সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ কারাবন্দী সকল বিএনপি নেতাকর্মীর মুক্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে চট্টগ্রামের ১৬টি আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মনোনীত প্রার্থীদের মধ্যে ১১ জন উপস্থিত ছিলেন।