ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন বলেছেন, দেশে শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম সফল হওয়ার পথে রয়েছে। বিদ্যুত্সংযোগ ও সেবায় দালালদের দৌরাত্ম্য কমলেও শেষ হয়নি। তাদেরকে প্রতিরোধ করা সম্ভব না হওয়ায় গ্রাহক হয়রানিও অব্যাহত রয়েছে। এর ফলে সরকারের আকাশছোঁয়া সাফল্য কিছুটা হলেও ম্লান হচ্ছে।
গতকাল রবিবার রাজধানীর খিলক্ষেতে আরইবি মিলনায়তনে আয়োজিত এজিএম সম্মেলনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। বোর্ডের আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুত্ সমিতির প্রায় ৭০০ সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরইবির সদস্য (অর্থ) মো. নাজমুছ সাদাত সেলিম।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সভাপতি বলেন, প্রত্যন্ত গ্রামের জনগোষ্ঠী বিদ্যুত্ অফিসে আসার বা যোগাযোগের সুযোগ পায় না। ফলে অতিসহজেই তারা দালাল শ্রেণির খপ্পরে পড়ে।