তরুণরাই কৃষিকে লাভবান করবে —কৃষিমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র উদ্যোক্তারা দেশের মূল অর্থনীতিতে বড়ো ভূমিকা রাখছে জানিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, এই তরুণরাই কৃষিকে লাভবান কৃষিতে রূপান্তর করবে। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে ১৪তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. রাজ্জাক বলেন, উদ্যোক্তা তৈরি হলে বিনিয়োগ বাড়বে। যা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে। বাংলাদেশ আজ যে অবস্থানে এসেছে তার পেছনে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের নানামুখী পদক্ষেপের ফলে যেখানে একসময় আমাদের বাজেটের ৪০ শতাংশ ছিল বিদেশনির্ভর। তা এখন মাত্র দুই শতাংশ। বর্তমান সরকার এসএমই খাতের উন্নয়নকে শিল্পায়নের চালিকাশক্তি হিসেবে গ্রহণ করে এ খাতকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করেছে বলে জানান তিনি। মন্ত্রী ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থাদের ক্ষুদ্রঋণের সুদের হার কমানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে মোট পাঁচটি ক্যাটাগরিতে ৯ জন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের মধ্যে ছিল ক্রেস্ট, সনদ ও আর্থিক চেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরলিংকস লিঃ-এর চেয়ারপার্সন রোকেয়া আফজাল রহমান। আরো উপস্থিত ছিলেন সিটি বাংলাদেশের এম ডি এন রাজশেকারান, শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. হুমায়রা ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সিডিএফের নির্বাহী পরিচালক মো. আব্দুল আউয়াল।