৩ আসনে ‘নৌকা’, বাকি ২০টিতে ‘কুলা’ প্রতীকে বিকল্পধারাসহ যুক্তফ্রন্ট

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক হয়ে তিনটি আসনে ছাড় পেলেও অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর দল বিকল্পধারা ও জোট যুক্তফ্রন্ট আরও ২০টি আসনে দলীয় প্রতীক ‘কুলা’ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবে। মহাজোটগতভাবে পাওয়া তিনটি আসনে বিকল্পধারার তিন নেতা আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক নিয়ে লড়ছেন। বিকল্পধারার যে তিন নেতা ‘নৌকা’ মার্কায় ভোট করছেন তারা হলেন, দলের মহাসচিব মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান (লক্ষ্মীপুর-৪), প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের মুখপাত্র মাহী বি. চৌধুরী (মুন্সীগঞ্জ-১) এবং প্রেসিডিয়াম সদস্য এমএম শাহীন (মৌলভীবাজার-২)।

যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন স্বাক্ষরিত গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই তিনটি আসনে বাইরে আরও ২০টিতে বিকল্পধারার ‘কুলা’ প্রতীকে লড়বেন দল-জোটের প্রার্থীরা। এই ২০ জন হলেন শমসের মবিন চৌধুরী (সিলেট-৬), গোলাম সারোয়ার মিলন (মানিকগঞ্জ-২), এইচএম গোলাম  রেজা (সাতক্ষীরা-৪ ও ঢাকা-১৫), যুক্তফ্রন্ট শরিক বিএলডিপি’র চেয়ারম্যান এম নাজিমউদ্দিন আল আজাদ (যশোর-৪), শাহেদ সরওয়ার (কক্সবাজার-২)। এছাড়া কুলা প্রতীকে নির্বাচন করবেন মো. আশরাফুল ইসলাম (দিনাজপুর-২), হারুন-অর-রশিদ তালুকদার (রংপুর-২), আবুল বাশার (কুড়িগ্রাম-২), মনজুর আলম হাসু (নাটোর-৩), যশোর-৩ মারুফ হোসেন কাজল, ঢাকা-১৭ একেএম সাইফুর রশিদ, ঢাকা-১৯ আইনুল হক, কুমিল্লা-১১ শামছুল হক জেহাদী, নোয়াখালী-১ ব্যারিস্টার ওমর ফারুক, চট্টগ্রাম-২ মজহারুল ইসলাম শাহ চৌধুরী, বরিশাল-৩ এনায়েত কবির, টাঙ্গাইল-২ মুনিরুল ইসলাম, ঢাকা-১৩ যুক্তফ্রন্টের শরিক দল মুক্তিযোদ্ধা যুব কমান্ডের (নিবন্ধনহীন) মো. মাহবুবুর রহমান এবং রাজশাহী-৩ আসনে বিএলডিপি মো. মনিরুজ্জামান।