কক্সবাজার কলেজ ছাত্রলীগের সম্মেলন দাবি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন কলেজ ছাত্রলীগের দুই যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ ও শফিক। গতকাল রবিবার বেলা ১টার দিকে কলেজ ক্যাম্পাসের বিজ্ঞান ভবনের সামনে এ ঘটনা ঘটে। কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন আহত ছাত্রলীগ নেতা ও সাধারণ কর্মীরা। হামলার সময় ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করা হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আহত দুই ছাত্রলীগ নেতাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে শফিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সক। আহত ও ছাত্রলীগের সাধারণ কর্মীরা জানান, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এ অবস্থায় সম্ভাব্য নেতৃত্বে আসতে আগ্রহীরা সম্মেলন দাবিতে সোচ্চার হন। শনিবার এ নিয়ে কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকসহ বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী তাদের ভেরিফাইড ফেসবুকে সম্মেলনের দাবি করে স্ট্যাটাস দেন। এতে ক্ষিপ্ত হয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ২০-৩০ জন বহিরাগত যুবক কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে মো. আব্দুল্লাহ ও শফিককে ছুরিকাঘাত করে। আহত দুই জনই কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের অনুসারী।
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সম্মেলনের দাবিটা তাদের অধিকার। কিন্তু তাই বলে এভাবে হামলা চালানো লজ্জাজনক।’ রাজ্জাক নামে অপর এক কর্মীকে সভাপতি গুলি করেছেন বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, ‘আমি বিষয়টি কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদককে জানিয়েছি। জাকিরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও রয়েছে।’ অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, ‘কলেজ ছাত্রলীগের সভাপতির হাতে দুই জন ছেলে আহত হয়েছে। এটি তাদের অভ্যন্তরীণ বিষয় হতে পারে।’ কলেজ ছাত্রলীগ সভাপতি জাকির হোসেনের মোবাইলে বেশ কয়েকবার ফোন করা হলেও রিসিভ করেননি। কক্সবাজার মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. খায়রুজ্জামান বলেন, ‘কলেজ ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’