নগর সংস্কৃতি

নতুন নাট্যদল এম্পটি স্পেসের যাত্রা শুরু

ঢাকার মঞ্চে আত্মপ্রকাশ করল নতুন নাট্যদল এম্পটি স্পেস। গতকাল রবিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সাইমন জাকারিয়া রচিত ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকটি মঞ্চস্থ করার মধ্য দিয়ে এম্পটি স্পেসের যাত্রা শুরু হয়। এক ঝাঁক তরুণ মঞ্চশিল্পীদের নিয়ে কাজ করছে দলটি। নাটকটির নির্দেশনা দিয়েছেন নূর জামান রাজা। নাটকের মঞ্চ সজ্জা, আলোক ও পোশাক পরিকল্পনাসহ আবহ সংগীত পরিকল্পনাও করেছেন তিনি।

বাংলাদেশের থিয়েটারের চার নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, আতাউর রহমান, নাসিরুদ্দিন ইউসুফ, ম হামিদ দলটির প্রথম মঞ্চায়নে উপস্থিত ছিলেন। তারা সবাই মিলে এ নতুন নাট্যদলের উদ্বোধন করেন। উইলিয়াম শেক্সপিয়রের ‘দ্য ট্রাজেডি অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ এর প্রতি প্রশ্ন তুলে লেখা হয়েছে ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকটি। নাটকটির কেন্দ্রীয় চরিত্র একজন কবি। যিনি পূর্ণিমা রাতে কবরস্থানে এসে ফুলের গন্ধে মাতাল হন আর নিষ্ঠা প্রেমের গান করেন। তার এই গান শুনে সেই স্থানে এসে হাজির হয় রোমিও আর জুলিয়েট। এভাবেই চলতে থাকে নাটকের ঘটনা আর এই ঘটনাচক্রে এক পর্যায়ে উপস্থিত হয় ফাদার ফ্রায়ার এবং সব শেষে শেক্সপিয়ার। নাটকটিতে অভিনয় করছেন গোলাম শাহারিয়ার সিক্ত, স্বাধীন বিশ্বাস, নুর জামান রাজা, লোবা আহম্মেদ, ফকির বিপ্লব, সরদার বাপ্পি, শুভ্র আহম্মেদ। আজ সোমবার একই মঞ্চে দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।