সৌদি আরবের বাদশাহ সালমানের দেহরক্ষী তারই এক বন্ধুর গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। জেনারেল আবদেল আজিজ আল ফাঘাম জেদ্দায় তার এক বন্ধু মামদু বিন মেশাল আল-আলির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শনিবার রাতে। সেখানে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এরপর সেখানে দুই বন্ধুর মধ্যে ব্যক্তিগত ঝগড়ার এক পর্যায়ে মেশাল আল-আলি সেখান থেকে বেরিয়ে যান এবং বন্দুক নিয়ে ফিরে আসেন। এরপর তিনি বন্ধুর ওপর গুলি চালান।—খবর বিবিসির
পুলিশ জানিয়েছে, মেশাল আল-আলিকে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। তিনি তাতে অস্বীকৃতি জানান। এরপর তিনি পুলিশের গুলিতে নিহত হন। জেনারেল ফাঘামকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তিনি মারা যান। এই ঘটনায় আরো সাত জন আহত হন। এদের মধ্যে পাঁচ জন নিরাপত্তা কর্মী। জেনারেল ফাঘাম সৌদি আরবের মানুষের কাছে বেশ পরিচিত। তিনি বাদশাহ সালমানের বেশ ঘনিষ্ঠ। এর আগে তিনি প্রয়াত বাদশাহ আবদুল্লাহরও দেহরক্ষী ছিলেন। সোশ্যাল মিডিয়ায় জেনারেল ফাঘামকে অনেকে ‘সত্যিকারের বীর’ বলে বর্ণনা করছেন। বাদশাহ সালমান ৭৯ বছর বয়সে ২০১৫ সালে সৌদি আরবের ক্ষমতায় আসেন। তবে সৌদি আরবে ক্ষমতার মূল চাবিকাঠি তার ছেলে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে বলে মনে করা হয়।
বহু সৌদি সৈন্য আটকের দাবি হুতিদের
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দাবি অনুযায়ী, ইয়েমেন ও সৌদি আরবের সীমান্ত অঞ্চলে এক অভিযানের সময় তারা বিপুল সংখ্যক সৌদি সেনা সদস্যকে আটক করেছে। একজন হুতি মুখপাত্র বিবিসিকে জানান, সৌদি শহর নাজরানের কাছে সৌদি সেনাদের তিনটি ব্রিগেড আত্মসমর্পণ করেছে। তিনি বলেছেন, কয়েক হাজার সৈন্য আটক করা হয়েছে এবং অনেকে নিহত হয়েছেন। তবে সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি। ঐ হুতি মুখপাত্র জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটিই ছিল সবচেয়ে বড়ো মাপের অভিযান।
রাজপ্রাসাদেই হত্যা!
দেহরক্ষীকে রাজপ্রাসাদের ভেতরেই হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন মুজতাহিদ। নিজেকে সৌদি নাগরিক পরিচয় দিয়ে মুজতাহিদ এক টুইটার বার্তায় লেখেন, বাদশাহ’র দেহরক্ষীকে রাজপ্রাসাদে হত্যার পর এখন বলা হচ্ছে তিনি তার বন্ধুর হাতে নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে যুবরাজ মুহম্মদ বিন সালমান ওই দেহরক্ষীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। মুজতাহিদ দাবি করেন, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগিগরই ফাঁস করা হবে।
অশালীন পোশাকে জরিমানা
সৌদি আরবে অশালীন পোশাকে জরিমানার বিধান করা হয়েছে। যদিও জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়নি। এছাড়া চুম্বনসহ প্রকাশ্যে ঘনিষ্ঠ হলেও জরিমানা দিতে হবে। পর্যটকদের জন্য দেশটি উন্মুক্ত করে দেওয়ার একদিন পর শনিবার সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রণালয় ১৯টি কাজের তালিকা তৈরি করেছে যেগুলোর জন্য জরিমানা গুনতে হবে।