আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটের ব্যাপারে অপেক্ষায় থাকার অনুরোধ জানিয়ে বলেছেন, শিগিগরই সম্রাটের ব্যাপারে জানা যাবে। গতকাল রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দেশের বিভিন্ন ক্লাবে ক্যাসিনো চালানোর অভিযোগে অভিযানের পর থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ক্যাসিনো চালানোর সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকার কথা গণমাধ্যমে আসছে। তাকে গ্রেফতারের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমার মনে হয় এ ব্যাপারে বলার অথোরিটি তার (স্বরাষ্ট্রমন্ত্রী)। স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সেটার ওপর বিশ্বাস রাখুন, প্লিজ, ওয়েট অ্যান্ড সি। শিগিগরই জানতে পারবেন।’
সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ মন্ত্রী-এমপি সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের সম্পদের তথ্যও বের করা হবে। কে কত টাকার মালিক, তারা ক্ষমতায় থাকতে যে সম্পদ আহরণ করেছেন, সেই হিসাবও প্রকাশ করা হবে। গত বুধবার সড়ক পরিবহন আইন সংশোধন করা হতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে আভাস দিয়েছিলেন সে খবরকে ‘গুঞ্জন’ বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যাপারটি দেখতে বলা হয়েছিল। তারা এ ধরনের কোনো প্রস্তাব তাদের দেননি বলে জানান ওবায়দুল কাদের। সড়ক পরিবহন আইন সংশোধনের খবরে উদ্বেগ প্রকাশের জবাবে ওবায়দুল কাদের বলেন, সংশোধনের ব্যাপারে তিনি কিছু জানেন না। মন্ত্রণালয় এ ধরনের উদ্যোগ নেয়নি। শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণকাজ নিয়ে ওবায়দুল কাদের বলেন, সেনাবাহিনী আন্তর্জাতিক মান বজায় রেখে প্রকল্পের কাজ করছে। কাজের অগ্রগতি ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের ৬ মাস আগেই চলতি বছরের ডিসেম্বরে কাজ শেষ হবে।
বাংলাদেশে প্রথম পুশ ব্যাক পদ্ধতিতে এ আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ও ২৫ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এ প্রকল্প বাস্তবায়ন করছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল এস এম আনোয়ার হোসেন, রমিজউদ্দিন আন্ডারপাস প্রকল্প কর্তকর্তা মেজর আব্দুল্লাহ আল মামুন বিল্লাহসহ সওজ, সড়ক বিভাগ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা।