স্পিরিট পানে ৬ জনের মৃত্যু

হোমিও হলের মালিক ও তার ছেলের বিরুদ্ধে হত্যা মামলা

কোম্পানীগঞ্জ উপজেলায় স্পিরিট খেয়ে ছয় জনের মৃত্যুর ঘটনায় নিহত নুর নবী মানিকের ভাগিনা শাহাজাহান সাজু বাদী হয়ে গত শনিবার রাতে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে রফিক হোমিও হলের মালিক রফিক উল্যাহ ও তার ছেলে মিজানুর রহমান পিয়মকে।

থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বসুরহাট পৌরসভার ওয়ার্ডস্থ মেইন রোডের পান বাজার সংলগ্ন রফিক হোমিও হল থেকে বিষাক্ত স্পিরিট কিনে নিয়ে যান কয়েক জন। পরে বিষাক্ত স্পিরিট খেয়ে শুক্রবার ছয় জনের মৃত্যু হয়। ছয় জনের মধ্যে নুর নবী মানিক ও রবি রায়ের লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মর্গে পাঠিয়েছে। বাকি চার জনকে ময়নাতদন্ত ছাড়া গোপনে দাফন করা। এ ঘটনায় ৬০০ বোতল স্পিরিট জব্দ করা হলেও থানায় মাদকদ্রব্য আইনে কোনো মামলা হয়নি। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, যে চার জনের লাশ ময়নাতদন্ত করা হয় নাই তাদের লাশের ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করার প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে গত শনিবার কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের ভ্রাম্যমাণ আদালত তিনটি হোমিও হলে ৬০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়। এই হোমিও হলগুলো হলো জিয়াউল হক মেডিকেল হলকে ৩০ হাজার টাকা জরিমানা ও সিলগালা, ন্যাশনাল হোমিও হলকে ২০ হাজার টাকা ও সিলগালা এবং নিত্যানন্দ মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সংবাদ পেয়ে অন্যান্য হোমিও হলের মালিক দোকান বন্ধ করে পালিয়ে যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন জানান, অনেক দোকানে বৈধ কাগজপত্র না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যাওয়ার কারণে এসব হোমিও হলে জরিমানা ও সিলগালা করা হয়।