দেশের চরম দুর্দিনে ময়েজউদ্দিন নেতৃত্ব দিয়েছিলেন :কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, স্বাধীনতাবিরোধীরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, একটানা ২১ বছর তারা ক্ষমতায় ছিল। যে ময়েজউদ্দিন দেশের চরম দুর্দিনে নেতৃত্ব দিয়েছিল তারাই সেই ময়েজউদ্দিনকে হত্যা করেছে। রবিবার বিকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শহিদ ময়েজউদ্দিনের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

উপজেলার নোয়াপাড়া এলাকার শহিদ ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই স্মরণসভায় সম্মানিত অতিথি হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যখন দলকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো স্থান ছিল না, তখন ময়েজউদ্দিন তার নিজ বাসায় বসে দিশেহারা দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ময়েজউদ্দিনকে হারিয়ে শুধু কালীগঞ্জ বা গাজীপুর নয়, পুরো দেশ হারিয়েছে একজন সত্যিকারের দেশপ্রেমিককে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং শহিদ ময়েজউদ্দিন কন্যা মেহের আফরোজ চুমকি এমপি সভাপতির বক্তব্যে বলেন, স্বৈরাচারের দোসররা আমার বাবাকে হত্যা করে কালীগঞ্জের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। কিন্তু কালীগঞ্জের মানুষের ভালোবাসায় আমার বাবার রেখে যাওয়া কাজগুলো সমাপ্ত করছি। স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমউল্লাহ খান, গাজীপুর সিটি মেয়র আলহাজ মো. জাহাঙ্গীর আলম।