মানিকগঞ্জে চাঞ্চল্যকর নয়ন হত্যা মামলায় একজনের যাবজ্জীবন এবং অন্যজনের ১০ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার বেলা সাড়ে তিনটার দিকে জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মমতাজ বেগম। যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত মো. রাকিব নূর হূদয় (১৯) মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। আর ১০ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত মো. রাকিব (১৯) একই এলাকার আসাদুজ্জামান সালামের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৫ নভেম্বর রাতে বান্দুটিয়া গ্রামের মাজেদুল ইসলাম মজিদের ছেলে মারুফ হাসান নয়ন (১৯) তার বাড়িতে বন্ধু হূদয় ও রাজুকে নিয়ে একসঙ্গে ঘুমাচ্ছিল। সকালে ঘুম থেকে উঠে হূদয় ও রাজু তাদের বাসায় যাওয়ার আগে হূদয় তার মোবাইল ফোন খুঁজে না পেয়ে তার ফোন চুরির জন্য নয়নকে অভিযুক্ত করে। নয়ন মোবাইল ফোন নেয়নি বলে জানালে তার সঙ্গে হূদয়ের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে হূদয় নয়নকে দেখে নেবে বলে হুমকি দিয়ে চলে যায়। পরদিন বিকালে শাইলীপাড়া এলাকায় নয়নকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হূদয় ও রাকিব তাকে প্রথমে কিল-ঘুসি লাথি মারে। একপর্যায়ে নয়ন মাটিতে লুটিয়ে পড়লে হূদয় নয়নের বুকের ডান পাশে চাকু দিয়ে আঘাত করে। পরে ২৭ নভেম্বর রাতে হাসপাতালে নয়ন মারা যায়। এই ঘটনায় নয়নের চাচা মো. ফরিদ আল মাহমুদ বাদী হয়ে হূদয় ও রাকিবের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।