রাজধানীর সুন্দরীদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতার আসর ‘মিস ঢাকা ২০২০’-এর আয়োজন করছে বেসরকারি সংস্থা স্টার প্লাস কমিউনিকেশনস। এই প্রতিযোগিতায় বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি নারীর লুকায়িত সৌন্দর্য ও বুদ্ধিভিত্তিক উত্কর্ষতাকে প্রাধান্য দেওয়া হবে। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য হচ্ছে ‘বিউটি ইজ নট ইন দ্য ফেইস, বিউটি ইজ দ্য লাইট ইন দ্য হার্ট’। প্রাথমিক বাছাই পর্ব, সাক্ষাত্কার পর্ব, অ্যাকটিভিটি পর্ব, ফটোগ্রাফি পর্ব, ভিডিওগ্রাফি পর্ব, টপ টেন সিলেকশন পর্ব, গ্রুমিং ও গ্র্যান্ড ফিনলে—এই আটটি ধাপে ২০২০ সালের মিস ঢাকা নির্বাচন করবেন আয়োজকেরা। ঢাকায় অবস্থানরত ১৮ থেকে ২৫ বছর বয়সি যেকোনো নারী অভিভাবকের সম্মতিতে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
গতকাল রবিবার সন্ধ্যায় অফিসার্স ক্লাবের তৃতীয় তলার হাউজিকক্ষে প্রতিযোগিতার উদ্বোধন ও লোগো উন্মোচনে এসব জানান এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কমিউনিকেশন্সের উপদেষ্টা সাবিনা ইয়াসমিন ইব্রাহীমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি ফাল্গুনী হামিদ। স্বাগত বক্তৃতা করেন আয়োজক সংস্থার পরিচালক নাজমুল হক খান। সব শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রোগ্রাম ডিরেক্টর শহীদ রায়হান।
উদ্বোধন ও লোগো উন্মোচন মঞ্চে বক্তারা জানান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থিরা অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো ফি দিতে হবে না প্রতিযোগীদের।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য www.missdhaka.com ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে অথবা হটলাইন ০১৬৩৮০৯২৮৮৩ নম্বরে কল করতে হবে।