প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশের প্রথম চালান বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে। এই চালানে ২৪ টন ইলিশ পাঠানো হচ্ছে।
কাস্টমস কর্তৃপক্ষ বলছে, ভারতে ইলিশের প্রথম চালান গতকাল রবিবার দুপুরে যাওয়ার কথা থাকলে মাছ রপ্তানির জন্য কেউ কোনো কাগজপত্র দপ্তরে জমা দেয়নি। আজ সোমবার সকালে কাস্টম হাউজে কাগজপত্র দাখিল করা হবে বলে জানা গেছে। কাগজপত্র দাখিল করলে ইলিশের চালানটি ছাড়া হবে।
উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি ইলিশের মূল্য ৬ ডলার করে ধরা হয়েছে। এই হিসেবে বাংলাদেশি টাকায় প্রতি কেজি ইলিশের দাম পড়বে ৫০০ টাকা। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টম থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান ছাড় করা হবে।
আগামী ১০ অক্টোবরের মধ্যে এই ইলিশ পাঠানো হবে। দেশে ইলিশের উত্পাদন কমে যাওয়ায় ২০১২ সালের পর ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় সরকার।