আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবন সৃষ্টি করে দুর্নীতি, লুটপাটসহ নানা অপকর্ম চালানো হয়। এসব অপকর্মে যারা জড়িত তাদের নেতৃত্ব থেকে পদত্যাগ করা উচিত। গতকাল রবিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাস্তুহারা লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
‘সোনার বাংলা বিনির্মাণে
সহায়তা করতে হবে’
এর আগে রাজধানীর পল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চার নেতার স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের সহায়তা করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরিষদের নেতা হিউবার্ট গোমেজের সভাপতিত্বে সভায় অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, নির্মল রোজারিও, স্বপন কুমার সাহা, ভিক্ষু সুনন্দপ্রিয় প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। প্রয়াত সুধাংশু শেখর হালদার, প্রয়াত ভদন্ত বোধিপাল মহাথের, প্রয়াত টি রোজারিও ও সাবেক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের সংক্ষিপ্ত জীবনপঞ্জি পাঠ করেন- মনীন্দ্র কুমার নাথ, মধুমিতা বড়ুয়া, হেমন্ত আই কোড়াইয়া। কবিতা আবৃত্তি করেন পদ্মাবতী দেবী। সভা পরিচালনা করেন প্রাণতোষ আচার্য।