ইত্তেফাক রিপোর্ট
গতকাল সোমবার বিকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে তিন বরেণ্য ব্যক্তির স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জয়নাল আবেদীন খান, দৈনিক ইত্তেফাকের সাবেক বার্তা সম্পাদক আব্দুল বাতেন ও এনজিও ব্যক্তিত্ব শেখ আব্দুল হালিমের স্মরণে এ সভার আয়োজন করা হয়।
সাভার নাগরিক কমিটির আয়োজনে আয়োজিত এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ করেন- আমিন বাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের রহমান রাশেদ, সাবেক অতিরিক্ত সচিব আব্দুস সাত্তার, লে. কর্নেল (অব.) ডা. কানিজ ফাতেমা সুলতানা, শওকত আলী মাহমুদ, মোঃ ইয়াকুব হোসেন প্রমুখ।
বক্তারা বলেন- আমরা শোকাহত। তিন বরেণ্য ব্যক্তিকে হারিয়েছি আমরা। যারা সারা জীবন মানবাধিকার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে গেছেন। কর্মের কারণে তারা বেঁচে থাকবেন সবার হূদয়ে। চিরদিন জাতি তাদের শ্রদ্ধাভারে স্মরণ করবে।
স্মরণ সভায় সাভারের প্রশাসন, পেশাজীবী সংগঠন ছাড়াও প্রয়াত ৩ গুণী ব্যক্তির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।