কুমিল্লায় যৌন নির্যাতনের মামলায় মাদরাসা শিক্ষক কারাগারে

কুমিল্লায় ১০ বছর বয়সের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আবুল হাসান (৩৫) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে মুরাদনগর থানা পুলিশ তাকে মাদরাসার অফিস কক্ষ থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আবুল হাসান জেলার মুরাদনগর উপজেলা সদরের নিমাইকান্দি উম্মেহানী মহিলা মাদরাসার প্রধান শিক্ষক এবং নিমাইকান্দি গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, একশ টাকা চুরির অপবাদ দিয়ে প্রধান শিক্ষক আবুল হাসান হেফজ বিভাগের এক ছাত্রীকে গত ২৩ সেপ্টেম্বর মাদরাসার অফিস কক্ষে ডেকে নেয়। তখন তল্লাশীর নামে ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে যৌন নির্যাতন চালায়। এরপর থেকে সে মাদরাসায় যেতে রাজি না হওয়ায় তার মা তাকে জোর করে পাঠানোর চেষ্টা করে। এতে সে মাদরাসার প্রধান শিক্ষক আবুল হাসান কর্তৃক যৌন নির্যাতনের ঘটনাটি তার মায়ের নিকট খুলে বলে। এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদী হয়ে সোমবার রাতে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: মুক্তিযুদ্ধের প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম আর নেই

মুরাদনগর থানার ওসি এ কে এম মনজুর আলম জানান, সোমবার রাতেই ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু