সোহেল মল্লিক
চুরির টাকায় ব্যবসাদারি
ঘুষের টাকায় বাড়ি
শান্তি-সুখের জন্যে এসব
সত্যি কি দরকারি?
এই টাকা তো সেই টাকা নয়
বৈধ উপার্জনের
এই টাকাতেই হচ্ছে বিনাশ
নৈতিকতা মনের।
সন্তানেরা করছে এখন
যেমনটি যার খুশি
নিচ্ছে ড্রাগ, মারছে মানুষ
নেই যে কোনো হুঁশ-ই।
কেউবা আবার জঙ্গি হয়ে
ঘুরছে নানা দেশে
লুট করা ঐ টাকাই ওদের
যাচ্ছে ভালোবেসে।
এই কারণেই বলছি শোনো
দুর্নীতিকে রুখে—
দেশের সবাই থাকব ভালো
থাকব মহাসুখে।