একুশ বছরে পদার্পণ করলো চ্যানেল আই। ‘হূদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ’—শ্লোগান ধারণ করে ১৯৯৯ সালের ১ অক্টোবর পথচলা শুরু করে চ্যানেল আই। এ উপলক্ষে দেশের শীর্ষ দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে চ্যানেলটি। সেখানে চ্যানেল আইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণী দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। চ্যানেল আইকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বরেণ্য লেখক সমরেশ মজুমদার ও দেশের কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আরো শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। ১ অক্টোবর রাত ১২টা ০১ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে তৈরি মঞ্চে বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে চ্যানেল আই পরিবারের সদস্যরা বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রথম প্রহরের একটি দীর্ঘ কেক কাটেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্য মুকিত মজুমদার, জহির উদ্দিন মাহমুদ মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বরেণ্য ও গুণীজনরা।