বিগ ব্যাশে ব্রিসবেন হিটের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স। আসন্ন মৌসুমের অস্ট্রেলিয়ান এই ফ্যাঞ্জাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটির দ্বিতীয় পর্বে খেলবেন তিনি। এ বছর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের পরিবর্তে দলে নেওয়া হয়েছে ডি ভিলিয়ার্সকে।
ব্রিসবেন হিটের সঙ্গে চুক্তি করে ডি ভিলিয়ার্স বলেন, ‘অবসর গ্রহণের পর ঘরে থাকা অবস্থায় আপনার যখন খুব বেশি খেলতে মন চাইবে, তখন নিজেকে আটকে রাখা কঠিন। ঘরে বা বাইরে যেখানে সময় ব্যয় করি না কেন, তবে এই মুহূর্তে যেখানেই খেলি সে সেটা হবে বাছাই নির্দিষ্ট কিছু টুর্নামেন্টে। তাছাড়া বয়স হয়ে গেছে তাই খুব বেশি বেশি খেলতেও পারি না।’
অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারেন লেহম্যানের সঙ্গে আলোচনা করেই ব্রিসবেন হিটে যোগ দিয়েছেন বলে জানান ডি ভিলিয়ার্স, ‘ই-মেইলের মাধ্যমে আমি ড্যারেনের সঙ্গে যোগাযোগ করেছি এবং এখানে আসার বড়ো কারণও ছিল এটি। তিনি অবশ্যই আমাকে উত্সাহী করেছেন। তিনি দুর্দান্ত মানুষ। আমি নিশ্চিত টুর্নামেন্ট চলাকালীন আমরা একে অপরকে ভালোভাবে জানতে পারব।— বাসস