ওয়ালটন অনূর্ধ্ব-১৮ ফুটবল
স্পোর্টস রিপোর্টার
ক্লাব ফুটবলের অনূর্ধ্ব-১৮ পর্যায়ের টুর্নামেন্টের ফাইনাল গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় এক দিন পিছিয়েছে সেটি। আজ বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে যুব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে নোফেল স্পোর্টিং ক্লাব ও সাইফ স্পোর্টিং ক্লাব।
প্রতিযোগিতা শুরুর আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে শেষ কিছুদিনে টানা বৃষ্টি আর ভুটানের বিপক্ষে একদিন পরই প্রীতি ম্যাচ থাকায় ভেন্যু সরিয়ে কমলাপুর স্টেডিয়ামে স্থানান্তর করা হয়।
নোফেল স্পোর্টিং ক্লাব যুব ফুটবল-শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের শুরুর আগে আলোচনায় না থাকলেও প্রতিযোগিতার ফাইনালে আসার পথে একটি ম্যাচেও হারেনি। অন্যদিকে সাইফ স্পোর্টিং শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে এসেছে ফাইনালে। সেমিফাইনালে আবাহনীকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল কোচ কামাল আহমেদ বাবুর শিষ্যরা। এমন দুই প্রতিপক্ষের শিরোপার লড়াই হওয়ার কথা ছিল গতকাল। কিন্তু কাল দুপুরে তীব্র বৃষ্টির ফলে পেছাতে হয় এই ফাইনাল। অগত্যা যুব ফুটবলের শ্রেষ্ঠত্ব কার সে প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা বেড়েছে আরো একদিন। আজ একই ভেন্যুতে বিকাল ২টায় শিরোপার লড়াইয়ে নামবে নোফেল ও সাইফের যুবারা।