নাগরিক সেবার মান বৃদ্ধি করবে কলরব মোবাইল অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

তথ্য প্রযুক্তি ব্যবহার করে সেবা প্রতিষ্ঠানগুলোর সেবার মান উন্নয়নের জন্য সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এনেছে ‘কলরব’ নামের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। গতকাল ঢাকার গুলশানে একটি হোটেলে হয়ে গেল এ সম্পর্কিত এক মতবিনিময় অনুষ্ঠান। এতে অংশ নেন গণমাধ্যমকর্মী, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এরকর্মী, কলরব অ্যাপে অন্তর্ভুক্ত সেবাপ্রদানকারী সংস্থার প্রতিনিধি, কলরব স্বেচ্ছাসেবকসহ আরও অনেকে।

অনুষ্ঠানে অ্যাপটির ব্যবহার পদ্ধতি, ব্যবহারকারী সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান, কলরবের কর্ম প্রক্রিয়া, সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীর সুবিধা এবং কলরবের ভবিষ্যত্ পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরা হয়। এই অ্যাপটি ব্যবহার করে নিজনিজ এলাকার সেবাকেন্দ্র যেমন স্কুল, হাসপাতাল, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিশদ তথ্য পাওয়া যাবে। এই সেবা কেন্দ্রগুলোর মান অনুযায়ী রেটিং এবং মতামত দেওয়া যাবে যার ভিত্তিতে সেবাদাতারা তাদের সেবারমান উন্নয়ন করতে পারবেন।

অ্যাপটির একজন ব্যবহারকারী সূর্যের হাসি ক্লিনিক এর ম্যানেজার মো. আব্দুল কাদের ভুইয়া জানান, কলরব অ্যাপের পাওয়া মতের ভিত্তিতে তারা ক্লিনিকে নারী সেবা গ্রহীতাদের জন্য একটি ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করেন।

তমিরুল  উম্মাহ ক্যাডেট মাদ্রাসা এর প্রধান শিক্ষক শাহিন সিকদার বলেন, ‘মাদ্রাসার শিক্ষার্থীরা কম্পিউটার ব্যবহারে খুবই আগ্রহী, তা জানতে পারি কলরব অ্যাপটির মাধ্যমেই। এরপর তাদের জন্য কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করেছি।’

কলরব এর একজন স্বেচ্ছাসেবক, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এর শিক্ষার্থী মির আকিব বলেন ‘কলরব তরুণদের জন্য তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করবার একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে।’

অনুষ্ঠানে ‘কলরব’ এর ভবিষ্যত্ পরিকল্পনা এবং জনগনের দোরগোড়ায় এই অ্যাপ নিয়ে যেতে বিভিন্ন সুপারিশ ও করনীয় নিয়ে আলোচনা হয়।