আবহাওয়া সংক্রান্ত তথ্য আগে জানতে পারবেন কৃষক

মিঠাপুকুরে চালু হচ্ছে কৃষিযন্ত্র ‘কিয়স্ক’

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

কৃষি আবহাওয়া সংক্রান্ত তথ্য সিস্টেম উন্নয়ন প্রকল্পের আওতায় রংপুরের মিঠাপুকুর উপজেলায় স্থাপন করা হচ্ছে কৃষিযন্ত্র ‘কিয়স্ক’ মেশিন। এই যন্ত্রের মাধ্যমে কৃষকরা আগে থেকেই জানতে পারবেন আবহাওয়ার খবরাখবর। যন্ত্রটি এরই মধ্যে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে আনা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, দৈনিক আবহাওয়া সংক্রান্ত তথ্য সরাসরি উপজেলা কৃষি অফিসে স্থাপিত ‘কিয়স্ক’ মেশিনে ডিসপ্লে হবে। এখান থেকে সরাসরি ব্লক পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের (এসএএও) সরবরাহকৃত ট্যাবে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করা হবে। তারা এই সকল তথ্য ইউনিয়ন পরিষদে স্থাপিত প্রদর্শনী বোর্ডে স্থানান্তর করবেন। এর ফলে ঐ এলাকার কৃষকরা দৈনিক আবহাওয়া সংক্রান্ত তথ্য বৃষ্টিপাত, তাপমাত্রা, আগাম বৃষ্টিপাতের সম্ভাবনা, বন্যা, খরা ইত্যাদি আগে থেকেই জানতে পারবেন। কৃষকরা সে অনুযায়ী তাদের কৃষি পরিকল্পনা করতে পারবেন। এতে করে ফসলের উত্পাদন বাড়বে, উত্পাদন ব্যয় কম হবে এবং আবাদের ঝুঁকি কমবে।

উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুজ্জামান মিয়া বলেন,  বৃষ্টিপাত, তাপমাত্রা, আগাম বৃষ্টিপাতের সম্ভাবনা, বন্যা, খরা ইত্যাদি তথ্য কৃষকরা আগে থেকেই জানতে পারবেন। উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন ইত্তেফাককে বলেন, । এটি (কিয়স্ক মেশিন) চালু হলে কৃষকদের ফসলের উত্পাদন বাড়বে, উত্পাদন ব্যয় কম হবে সেই সঙ্গে আবাদের ঝুঁকিও কমবে। অত্যাধুনিক কৃষি ‘কিয়স্ক’ মেশিনটি উপজেলা কৃষি অফিসে আনা হয়েছে। আশা করছি খুব শিগগিরই সেটি চালু করা সম্ভব হবে।’