চট্টগ্রাম সিটি করপোরেশনকে নিয়ে দুদকের গণশুনানি ১৪ অক্টোবর

অভিযোগ সংগ্রহের

কার্যক্রম শুরু

 চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) নিয়ে দুর্নীতিদমন কমিশনের (দুদক) গণশুনানি আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এদিন সিটি করপোরেশনের সেবা সংক্রান্ত যাবতীয় অভিযোগ নগরবাসী উপস্থাপন করতে পারবেন। দিনভর অনুষ্ঠিত এই শুনানিতে নগরবাসীর অভিযোগসমূহ শুনবেন দুর্নীতিদমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এস এম আমিনুল ইসলাম। শুনানি উপলক্ষ্যে ইতিমধ্যে দুদক চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম মহানগরবাসীর কাছ থেকে অভিযোগ সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে গেছে। দুদক কর্মকর্তারা চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে টেবিলচেয়ার নিয়ে বসে অস্থায়ী বুথের মাধ্যমে অভিযোগ সংগ্রহের কার্যক্রম শুরু করেছে বলে জানায় দুদক চট্টগ্রামের একটি সূত্র।

দুদক চট্টগ্রামের উপপরিচালক লুত্ফুল কবির চন্দন বলেন, চট্টগ্রাম মহানগরীতে বসবাসরত নগরবাসীর সবাই যাতে এই গণশুনানিতে সিটি করপোরেশনের সেবা নিয়ে তাদের অভিযোগ-কথা তুলে ধরতে পারেন সেজন্য নগরীর সর্বত্র মাইকিং করা হবে। বিতরণ করা হবে লিফলেট। ১৪ অক্টোবর এই গণশুনানি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ক্যাম্পাসের বীর উত্তম শাহ আলম মিলনায়তনে। চলবে দিনভর।

দুদক কর্মকর্তা লুত্ফুল কবির চন্দন আরো জানান, গণশুনানিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন, ৪১টি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরবৃন্দ এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরগণও উপস্থিত থাকবেন জবাবদিহিতার জন্য। জনগণের কাছ থেকে অভিযোগ সংগ্রহের কার্যক্রম ১ অক্টোবর থেকে শুরু হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।